সিবিএন ডেস্ক:
চকরিয়ার বদরখালীর ঐতিহ্যবাহী ‘রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিঃ’-এর আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করেছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দীর্ঘ শুনানি শেষে আদালত এই স্থগিতাদেশ প্রদান করেন।
প্রার্থী পক্ষের নিয়মিত আইনজীবী মীর হারুনুল এরশাদ বলেন, ‘এই সমিতির নির্বাচিত সম্পাদক মুফিজুর রহমানসহ ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটিকে গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমবায় আইনের ২২ (১) ধারার ভুল ব্যাখা দিয়ে বরখাস্ত করেছিলেন জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল। সাবেক একজন দুর্নীতিবাজ সম্পাদকের কুপরামর্শে এই পক্ষপাতদুষ্ট আদেশ দেওয়া হয়েছিল ।’
ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার চেয়ে সংক্ষুব্ধ প্রার্থী মুফিজুর রহমান যুগ্ম নিবন্ধকের কাছে আপীল করেন। কিন্তু যুগ্ম নিবন্ধকও একই আদেশ বহাল রাখেন। এর প্রেক্ষিতে সুংক্ষুব্দ মুফিজুর রহমান জেলা ও দায়রা জজ আদালতে সমবায় মিচ মামলা নং ১১৯/২৫ দায়ের করেন। গত ১২ মার্চ ২০২৬ তারিখে মামলার ৫ নম্বর আদেশে আদালত স্পষ্টভাবে জানিয়ে দেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সমিতির নির্বাচন কার্যক্রম স্থগিত থাকবে।
তবে অভিযোগ রয়েছে, আদালতের এই নির্দেশনাকে তোয়াক্কা না করে গত ২৯ জুন ২০২৬ তারিখে পুনরায় দ্বিতীয়বারের মত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় এবং আগামী ১ আগস্ট ভোটের দিন ধার্য করা হয়।
প্রার্থী পক্ষের নিয়মিত আইনজীবী মীর হারুনুল এরশাদ আরও বলেন, ‘আদালতের আদেশ অমান্যের এই ঘটনায় গত ১৬ জুলাই ২০২৬ তারিখে আদালতের শরণাপন্ন হন প্রার্থী মুফিজুর রহমান। আবেদনের প্রেক্ষিতে আদালত জেলা সমবায় অফিসার ও উপজেলা সমবায় অফিসারকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর (শো-কজ) নির্দেশ দেন।’
এরই ধারাবাহিকতায় গতকাল (৩০ জুলাই) উভয় পক্ষের দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আগামী ১ আগস্টের নির্ধারিত নির্বাচন আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করেন।
মুফিজুর রহমান বলেন, ‘আদালতের এই আদেশের মাধ্যমে সমিতির সাধারণ সদস্যদের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।’
