পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত হাসান জয় (২২) নামে এক ওয়াই-ফাই লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত হাসান জয় পেকুয়া উপজেলার পূর্ব গোঁয়াখালী এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ওয়াই-ফাই লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও রিফাত ইন্টারনেট লাইনের রক্ষণাবেক্ষণের কাজে বের হন। বিকেলে ভোলাইয়্যাঘোনা রাস্তার মাথা এলাকায় একটি বিদ্যুৎ খুঁটিতে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বদিউল আলম বলেন, “আমার মেয়ের জামাই আবদুল করিমের সঙ্গে রিফাত ওয়াই-ফাই লাইনের কাজ করত। আজ কাজ করার সময় দুর্ঘটনায় আমার ছেলের মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।