সিবিএন ডেস্ক;

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর এক সদস্য নিহত হয়েছেন। মসজিদে যাওয়ার পথে সশস্ত্র হামলার শিকার হন তিনি। প্রাথমিকভাবে আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে জুবায়ের নিজ বাড়ি থেকে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন। পথে প্রতিবেশী ইব্রাহিমের বাড়ির সামনে পৌঁছালে একদল অজ্ঞাত অস্ত্রধারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসওর মধ্যে চলমান বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।