মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
রামু থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু মোহাম্মদ ইসমাইল নোমানের গাড়িচালক মোঃ সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নিক্সন চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কাউয়ারখোপ ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
অভিযান চলাকালে একটি পিকআপ পুলিশের থামার সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে গাড়িটিকে রামু থানার সামনে মরিচ্যাগামী সড়কের হাজারীকুল এলাকায় আটক করা হয়।
তল্লাশির সময় চালকের আসনের স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশের পাদানির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাইল নোমানের গাড়িচালক মোঃ সোহেল (২৭)-কে গ্রেপ্তার করা হয়। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বদুপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, গুলি, মিনি পিকআপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।