সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:

বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদের মানুষের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন এবং ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি)-এর যৌথ উদ্যোগে চাঁদের গাড়ি ও নৌকা সেবার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিন ধরে যোগাযোগ সংকটে থাকা পোয়ামহুরী, পাহাড়ভাঙ্গা ও সিন্দুমুখ এলাকার হাজারো মানুষের যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য যানবাহন ও নৌকা সেবার অভাবে এ অঞ্চলের মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে পাহাড়ি পথ ও নদীর তীব্র স্রোতের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন অত্যন্ত দুরূহ হয়ে পড়ত। নতুন এ উদ্যোগের ফলে এসব সমস্যার অনেকটাই নিরসন হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ১৭ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আল হাসান, পিএসসি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম, জনপ্রতিনিধি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।

জানা গেছে, উদ্বোধন করা চাঁদের গাড়িটি প্রতিদিন আলীকদম–পোয়ামহুরী–আলীকদম রুটে দুই দফা চলাচল করবে। অন্যদিকে নৌকাটি পোয়ামহুরী–পাহাড়ভাঙ্গা–সিন্দুমুখ নৌপথে নিয়মিত যাত্রীসেবা দেবে। এর ফলে শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ, কৃষিপণ্য পরিবহন এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের কল্যাণে কাজ করে। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার বাস্তবতা বিবেচনায় নিয়েই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এই সেবা শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর এ সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবির ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্যাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।