পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাঝিরপাড়ার বাসিন্দা মো. দেলোয়ার (পিতা: মো. রশিদ) নামে এক রাজমিস্ত্রী নিখোঁজ হয়েছেন। রবিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার সঙ্গে পরিবারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ ব্যক্তির স্বজন আহসান হাবিব জানান, দেলোয়ারের ব্যবহৃত মোবাইল ফোন থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি কল করে প্রথমে ১০ হাজার টাকা দাবি করে। দেলোয়ারের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবারের সদস্যরা দাবিকৃত অর্থ পাঠিয়ে দেন। তবে কিছুক্ষণ পর একই ব্যক্তিরা আরও ১ হাজার টাকা দাবি করে। এর প্রায় পাঁচ মিনিট পর দেলোয়ারের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের দাবি, টাকা নেওয়ার জন্য ০১৬০৬৯০৭৮৩০ নম্বরটি ব্যবহার করা হয়েছে। নিখোঁজ দেলোয়ারের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৬২০৭২২৭৬৪। স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে মোবাইল ফোনটির অবস্থান চট্টগ্রামের পটিয়া এলাকায় শনাক্ত হয়েছে।

এ ঘটনায় দেলোয়ারের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তার স্ত্রী, সন্তান ও স্বজনরা নিরাপদে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্তের মাধ্যমে দেলোয়ারকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে, পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ মো. দেলোয়ারের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য। পারিবারিক সূত্র জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।