সিবিএন ডেস্ক:
সাইবার অপরাধ মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন ও দক্ষ করে তুলতে সারাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ‘সাইবার সিকিউরিটি ক্লাব’ গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

রবিবার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি-এর ‘সাইবার সিকিউরিটি ক্লাব’-এর উদ্যোগে আয়োজিত “STAYING SAFE ONLINE: PROTECT YOURSELF FROM CYBERCRIMES” শীর্ষক বিশেষ সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। একই অনুষ্ঠানে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্বোধন করেন তিনি।

ভিসি ড. আমানুল্লাহ বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বহুমাত্রিক রূপ ধারণ করেছে। অনলাইন প্রতারণা, তথ্য চুরি, পরিচয় জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ব্যক্তি ও সমাজের জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। তাই প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, সাইবার সচেতনতার গুরুত্বও তত বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, একটি দেশের ডিজিটাল অগ্রগতি তখনই অর্থবহ হবে, যখন নাগরিকরা নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাইবার নৈতিকতা, তথ্যের নিরাপত্তা এবং ডিজিটাল আচরণবিধি সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি।

ভিসি আরও বলেন, সচেতনতার অভাবেই অধিকাংশ মানুষ সাইবার অপরাধের শিকার হন। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে হবে। প্রযুক্তির সর্বোচ্চ সুফল পেতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, অচেনা লিংক ও বার্তা এড়িয়ে চলা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন (Two-Factor Authentication) চালুর পরামর্শ দেন। তিনি বলেন, “একটি সচেতন প্রজন্মই পারে সাইবার অপরাধমুক্ত, নিরাপদ বাংলাদেশ গড়তে কার্যকর ভূমিকা রাখতে।”

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

সেমিনারে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম, পিপিএম। স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম।

অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. মহিবুল হাসান এবং সম্পাদক মো. দেলোয়ার হোসেন সামী।