জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে র্যাবের অভিযানে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) ভোর ৪টা ২০ মিনিটের দিকে র্যাব-১৫-এর একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার জনৈক ফজল করিমের মৎস্যঘেরের দক্ষিণ পাশে ধানেরছড়া খালে অভিযান চালায়। এ সময় ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়।
আটকরা হলেন, মিয়ানমারের পিন্ডিসং জেলার ফর্তু থানার সুলিয়াপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে করিম আলী (৩২) এবং মংডু জেলার দলিয়াপাড়া গ্রামের ছৈয়দ হোসনের ছেলে হাসান আরাফ (৪৪)।
র্যাব-১৫, কক্সবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
