পেকুয়া প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশবিরোধী ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে কক্সবাজারের পেকুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নুরীর নেতৃত্বে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে উপজেলা ছাত্রদলের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী বাজারে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেন।
পরে পেকুয়া বাজারে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম নুরীর সঞ্চালনায় বক্তব্য দেন আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পেকুয়া করাসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ছাত্রদল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দেন তারা। এ সময় যেকোনো মূল্যে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পেকুয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
