সিবিএন
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় এসআরবি-১৫ ও এসআরবি-৭-এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি গ্রামের আব্দুল্লাহর ছেলে মিজানুর রহমান (২৭) এবং বালুখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল মোনাফ (২৭)। তারা মামলার এজাহারনামীয় ২ ও ৪ নম্বর আসামি।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে মো. মোক্তার কামাল (৩৯) ও মো. আকবর (২৩) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকেই মামলার আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-১৫। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পশ্চিম ফরিদাপাড়া এলাকায় কয়েকজন আসামির অবস্থান শনাক্ত করা হয়।
এরপর সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটে পশ্চিম ফরিদাপাড়ার এমএএস টেলিকম দোকানের সামনে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাত্র ১০ মিনিটের ব্যবধানে একই এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আব্দুল মোনাফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, এ ঘটনায় জড়িত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
