মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পাসপোর্ট ইস্যু প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, পাসপোর্ট দেওয়া না দেওয়া সম্পর্কিত আমাদের আইনের বিধানটা কী? ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩’ অনুযায়ী কাউকে পাসপোর্ট ইস্যু করা হয়। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর আর্টিকেল ৬ এবং আর্টিকেল ৭ অত্যন্ত প্রাসঙ্গিক। আর্টিকেল ৬-এ বলেছে, কোনো আসামি যদি দণ্ডিত হন এবং যখন তিনি পাসপোর্ট চাচ্ছেন তার থেকে ৫ বছরের মধ্যে তিনি দণ্ডপ্রাপ্ত হন এবং সেই দণ্ডের পরিমাণ যদি সর্বনিম্ন ২ বৎসর পর্যন্ত হয় তাহলে পাসপোর্ট অথরিটি তার বরাবরে কোনো পাসপোর্ট ইস্যু করবে না। একইভাবে আর্টিকেল ৭-এ বলেছে, কোনো দণ্ডিত ব্যক্তি যদি কোনো মরাল টার্পিচিউড (নৈতিক স্থলন) এর কারণে কোনো দণ্ডিত ব্যক্তি তার পাসপোর্ট জব্দ করা যেতে পারে, অথবা এটা রিভোক (বাতিল) করা যেতে পারে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধ হচ্ছে, এটাকে মরাল টার্পিচিউড বলা হয় এবং নৈতিক স্থলনজনিত অপরাধ এটি। যার ফলে সংগত কারণে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে এবং পাসপোর্ট আইনের ৬ এর এ, বি, সি, ই- এই ধারাগুলো যদি কম্বাইন্ডলি দেখেন, সেখানে দেখবেন, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত, পাসপোর্ট অথরিটির আর কোনো এখতিয়ার নাই কোনো দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট ইস্যু করার।
