অবশেষে সব গুঞ্জন ও কৌতূহলের অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে নিজের বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন বিতর্কিত ব্লগার ও অ্যাক্টিভিস্ট আসাদ নূর। সামাজিক মাধ্যমে সাম্প্রতিক নানা জল্পনা-কল্পনার পর মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এক ভিডিওবার্তায় এই যুগল নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নিজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে বিয়ের এই ঘোষণা দেন আসাদ নূর।

নানা গুঞ্জনের পর বিয়ের খবরটি হঠাৎ প্রকাশ করলেও এর পেছনে ছিল নবদম্পতির এক সুনির্দিষ্ট পরিকল্পনা। আসাদ নূর জানান, ইচ্ছাকৃতভাবেই কিছু সূত্র বা ক্লু—যেমন একই রকম পোশাক (পাঞ্জাবি ও শাড়ির আঁচল) এবং ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করার মতো বিষয়গুলো সবার সামনে রাখা হয়েছিল, যাতে ভক্ত ও নেটিজেনরা সহজেই বিষয়টি অনুমান করতে পারেন।

ছবি হাইড করা এবং সাময়িক নীরব থাকার মাধ্যমে মূলত মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া যাচাই করাই ছিল তাদের উদ্দেশ্য।

সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়ে আসাদ নূর বলেন, যারা ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে অতি উৎসাহী এবং তীব্র ধর্মান্ধ বা উগ্র জাতীয়তাবাদী মানসিকতার পরিচয় দেন, তাদের একটু নাড়া দেওয়ার জন্যই এই অভিনব আয়োজন। সমাজের প্রচলিত কিছু ট্যাবু বা গোঁড়ামি ভাঙতেই এই কৌশল নেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

এ ছাড়া ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ভারতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’ (Special Marriage Act, 1954)-এর অধীনে তাদের এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানান আসাদ নূর।

নিজেদের রাজনৈতিক বা গোষ্ঠীগত সম্পৃক্ততার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে বিতর্কিত এই ব্লগারের দাবি, তিনি বা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন না। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো ধরনের অর্থ বা অনুদান নেওয়ার অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি।

এ সময় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে আসাদ নূর বলেন, জুলাই অভ্যুত্থানের সময় পারশা ‘পোস্টার গার্ল’ হিসেবে জোরালো ভূমিকা রেখেছিলেন এবং ‘চলো ভুলে যাই’ গানটির মাধ্যমে তার অবদান ছিল ব্যাপক। ৫ আগস্টের পর ক্ষমতার মোহে না জড়িয়ে তিনি বরাবরই জুলাইপন্থীদের সঙ্গেই যুক্ত ছিলেন।

পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক মাধ্যমে পারশাকে নিয়ে নোংরা ট্রল ও অপপ্রচার চালানোকারীদের তীব্র নিন্দা জানান তিনি।