সিবিএন ডেস্ক:
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় দেশের ৫৬ জেলার তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
রোববার (১ নভেম্বর) থেকে এ আবেদন গ্রহণ শুরু হয়। ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। এর আগে প্রাথমিক পর্যায়ে আট জেলার আবেদন গ্রহণ করা হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির আওতায় একজন নির্বাচিত উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে দেওয়া হবে। অনুদানের অর্থ আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।
উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন এবং অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি চালু করা হয়েছে।
কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা।
জেলাভিত্তিক আবেদনের সংখ্যা হলো মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি, ফেনীতে ১ হাজার ২৬১টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, রংপুরে ২ হাজার ৭৪৫টি এবং নেত্রকোণায় ৫ হাজার ৩৫১টি।
প্রাথমিক পর্যায়ে গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট আট জেলার সব উপজেলায় তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়।
এর ধারাবাহিকতায় অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসএমইএসপিডি সার্কুলার নং-০৫-এর মাধ্যমে জারি করা হয়েছে। বিস্তারিত তথ্য ও নীতিমালা পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal)।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, যেকোনো বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তারা অর্থায়নের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি থাকবে। এতে ব্যাংকারদের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরাও থাকবেন। তাঁদের সুপারিশের ভিত্তিতে নির্বাচিত উদ্যোক্তাদের অর্থায়ন করা হবে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, এ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়বে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন, উদ্ভাবনী উদ্যোগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
