সিবিএন:

কক্সবাজার শহরের পর্যটন এলাকা কলাতলীর হোটেল-মোটেল জোন লাগোয়া একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে স্থানীয় সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের এই ঘটনা ঘটে৷

আকস্মিক অগ্নিকান্ডে আশপাশের হোটেল ও বসতবাড়ি থেকে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একযোগে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, হোটেল মোটেলের পাশের একটি বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত চারটি বসতবাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণ করা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুনের খবর ছড়িয়ে পড়ার পর এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতবাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। তারা সড়কে অবস্থান নেন।

এদিকে কক্সবাজারের পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার ছয় দিন পর, ২৩ অক্টোবর কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসেও আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।