মো.আবুল বাশার নয়ন, বান্দরবান
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিশেষ সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮ মেয়াদ) নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বান্দরবানের মেঘলাস্থ রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে আয়োজিত এ বিশেষ সাধারণ সভায় ইউনিটের সার্বিক মানবিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস বলেন, “রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। যারা এর আজীবন সদস্য এবং কমিটিতে দায়িত্ব পালন করেন, তাদের দায়িত্ব অনেক বেশি। নবনির্বাচিত কমিটিকে শুধু অফিসের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না; বান্দরবান জেলার ৭টি উপজেলার ৩৪টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবকদের সুসংগঠিত করে সাধারণ মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
সংগঠনের অতীত ইতিহাস ও অবকাঠামো উন্নয়নের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “বিগত বছরগুলোতে নানা প্রতিকূলতার মধ্যেও আমরা ইউনিটকে এগিয়ে নিয়েছি। বর্তমান কার্যালয়ের জমি নামমাত্র মূল্যে ব্যবস্থা করাসহ একতলা ভবন নির্মাণকালে ব্যক্তিগতভাবে দায়িত্ব পালন করার সুযোগ হয়েছিল। তখনকার সময়ে ৫ বছর সেক্রেটারি হিসেবে জেলার ৭টি উপজেলায় ব্যাপক কাজ হয়েছে। আগের অ্যাডহক কমিটির মেয়াদ কম থাকলেও আজকের নির্বাচিত কমিটি আগামী তিন বছর পূর্ণ মেয়াদে কাজের সুযোগ পাবে।”
বক্তব্য শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস, নির্বাচন কমিশনার মোমেন চৌধুরী, নির্বাচন কমিশনার মোঃ মুছা এবং নির্বাচন কমিশন সচিব ও ইউনিট অফিসার আসশাদুল হায়দার চৌধুরীর পরিচালনায় ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে মোঃ মুজিবুর রশিদ ভাইস চেয়ারম্যান এবং দৌলতুল কবির খান সিদ্দিকী সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক, সাবিকুর রহমান, মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, উম্মে কুলসুম সুলতানা লিনা এবং সাংবাদিক মোঃ আবুল বাশার নয়ন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান সিদ্দিকী বলেন, “বিগত ১৫ দিন ধরে অনুষ্ঠানটি সফল করতে বর্তমান যুব প্রধান এবং স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করেছেন।” একই সাথে নির্বাচন ও সামগ্রিক আয়োজনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় তিনি প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং রেড ক্রিসেন্টের আজীবন সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার জানায়, রেড ক্রিসেন্টে প্যানেল, কণ্ঠভোট ও ব্যালট—এই তিন পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে। ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদে একটি করে এবং সদস্য পদে জমা পড়া ৫টিসহ মোট একটিমাত্র পূর্ণাঙ্গ প্যানেল জমা পড়ায়, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্যানেল পদ্ধতিতেই চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ১১ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় বিগত দুটি অ্যাডহক কমিটির সিদ্ধান্তক্রমে এই আয়োজন করা হয়। বান্দরবানের ৩টি স্থানীয় পত্রিকায় তফসিল প্রকাশ ছাড়াও ডাকযোগে ১ হাজার ১৪৮ জন সদস্যের ঠিকানায় চিঠি পাঠানো হয়।
