তুফায়েল আহমদ, চৌফলদন্ডী:
কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সমাবেশে আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনী দলের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে ইউনিয়ন আমীর মাওলানা রায়হান উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

তিনি বলেন, জামায়াতে ইসলামী এখন বাংলাদেশের প্রধান বিরোধী দল। দেশের ট্রেডিশননুযায়ী বিরোধীদলই পরবর্তীতে ক্ষমতাসীন দলে পরিণত হয়। তাই আগামীর সম্ভাবনাকে আরও সমৃদ্ধশালী করতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি করার কোন বিকল্প নাই।

তিনি বলেন, আগামীতে এই দেশের শাসনভার গ্রহণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে জামায়াত। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

সমাবেশে বিশেষ জেলা জামায়াতের শূরা সদস্য শহিদুল আলম বাহাদুর বলেন, এই ময়দান বহু শহিদের রক্তে রঞ্জিত জনপদ। এখানে জামায়াতে ইসলামীর ভাইয়েরা অতীতের ন্যায় আগামীতেও একসঙ্গে কাজ করে সফলতা নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।

কর্মী সমাবেশে বক্তব্য রেখেছেন, ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদর উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মনজুর আলম। তিনি উপস্থিত কর্মী সমাবেশের উদ্দেশ্য বলেন, ৫আগস্ট পরবর্তী জামায়াত সমর্থিত একজন চেয়ারম্যান হিসেবে সাধ্যমতো এই ইউনিয়নের সার্বিক কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। কোন কাঁদা ছুড়াছুড়ি না করে আগামীতে যাকে দল মনোনয়ন দিবে তাকে বিজয় করার জন্য যা যা করনীয় তাই করার প্ল্যান নিন।

সমাবেশে জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, সেক্রেটারি আজিজুর রহমান, কক্সবাজার শহর ৫নং ওয়ার্ড যুব বিভাগের দায়িত্বশীল নুরুল আমিন, বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হুদাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ফোরকান মাহমুদ এর নাম ঘোষণা করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

সভাপতি মাওলানা রায়হান উদ্দীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।