এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য (এমইউপি) নুরল আমিনের ওপর নৃশংস হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই বর্বরোচিত হামলায় তার ডান চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার রাতে উখিয়া থানায় ভুক্তভোগী নেতার ছোট ভাই নুরুল আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
মামলায় রফিক উদ্দিন, সরওয়ার কামাল, আলমগীর, মোস্তাক আহমদ, হেলাল উদ্দিন, মো. ইউছুপ, মো. নুরুল আকতার, মিজানুর রহমান, রিফাত আল মোহাম্মদ নিশান, নুরুল হাকিম মনু ও মোসহাব্বিরসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তাজনিমার খোলা পাড়ার ১৯নং ক্যাম্পের চেকপোস্টের সামনে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। দেশীয় অস্ত্রশস্ত্র, চাইনিজ কুড়াল, কিরিচ, ছোরা, লোহার হাতুড়ি ও রড নিয়ে নুরল আমিন ও মিজানুর রহমানের ওপর এই হামলা চালানো হয়।
আসামিদের এলোপাতাড়ি কোপ ও মারধরে নুরল আমিনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলায় তার ডান চোখ চিরতরে নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ৫টি দাঁত ভেঙে যায়। এ সময় হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা নুরল আমিনকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সবশেষ চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানেও তার অবস্থা শংকামুক্ত নয়।
এদিকে ঘটনার পরপরই তৎপর হয়ে ওঠে আইনৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত রবিবার রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
