সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকার দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্প দুটির মধ্যে রয়েছে- সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসআইডিপি) এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)। ইতোমধ্যে এই দুই প্রকল্পের টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এসআইডিপি প্রকল্পের আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় দেশের প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।
প্রকল্প ব্রিফে উল্লেখ করা হয়েছে, প্রতিটি সংসদীয় আসনের অধীন ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করে ডিপিপি প্রস্তুত করা হয়েছে। গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হওয়ায় সংসদ সদস্যদের ডিও লেটারের ভিত্তিতে অগ্রাধিকার বিবেচনায় এসব অর্থ ব্যয় করা যাবে।
অন্যদিকে, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)-এর তৃতীয় সংশোধনীর আওতায় প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। এ অর্থ দিয়ে গ্রামীণ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও উন্নয়ন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং বিদ্যমান সড়ক রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
প্রকল্প ব্রিফ অনুযায়ী, সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২ হাজার ৫৬৫ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে। দেশের সব এলাকায়, সিটি করপোরেশনসহ, প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ প্রকল্পের আওতায় প্রায় ৫৩ হাজার ডিপিপিভুক্ত স্কিম অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
প্রকল্পের আওতায় সারাদেশের মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, প্যাগোডা, গুরুদুয়ারা, শ্মশান ও চার্চ বা গির্জার উন্নয়ন করা হবে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসাধারণের সুযোগ-সুবিধা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া, সমগ্র দেশের গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে ১৫৭ দশমিক ২৫ কিলোমিটার উপজেলা সড়ক, ৮৩৩ দশমিক ৯০ কিলোমিটার ইউনিয়ন সড়ক, ৭ হাজার ৯৮৪ দশমিক ৬০ কিলোমটিার গ্রামীণ সড়ক উন্নয়ন ও ৮৯৬ দশমিক ১৬ কিলোমিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও ১২ হাজার ৭৪ দশমিক ১৪ মিটার গ্রামীণ সড়কে অবকাঠামো নির্মাণ করা হবে। এছাড়াও ৮০টি হাটবাজারের অবকাঠামো উন্নয়ন এবং ৩ হাজার কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ করা হবে।
পল্লী অবকাঠামো প্রকল্পটি ২০২০ সালের জুনে অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ টাকা। বাস্তবায়নের সময়সীমা ছিল ওই বছরের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। প্রথম সংশোধনে ব্যয় সামান্য বাড়িয়ে করা হয় ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা এবং মেয়াদ বাড়ানো হয় ২০২৬ সালের জুন পর্যন্ত। দ্বিতীয় সংশোধনে ব্যয় অপরিবর্তিত রেখে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন করা হয়।
প্রকল্পের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, সারা দেশের গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক উন্নত করে কৃষি ও অকৃষি পণ্যের উৎপাদন ব্যয় কমানো, বাজারজাত সহজ করা এবং পল্লি অঞ্চলের মাথাপিছু আয় বাড়ানো। প্রত্যন্ত গ্রামকে নিকটবর্তী গ্রোথ সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা-জেলা সদরের সঙ্গে যুক্ত করা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান তৈরির কথাও বলা হয়েছে।
