পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় দুটি অটোরিকশার সংঘর্ষের পর একটি গাড়ির চাপায় জামাল হোসেন (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন উপজেলার সদর ইউনিয়নের চইরভাঙা এলাকার বাসিন্দা।

নিহতের ভাতিজা নেছার আহমদ জানান, দুপুরে বাড়ি থেকে পেকুয়া বাজারের উদ্দেশে রওনা হন তাঁর চাচা। চইরভাঙা স্টেশন থেকে একটি অটোরিকশায় (মিশুক) ওঠেন তিনি। পথে তেলিয়াকাটা কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে তেলিয়াকাটা সড়ক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়।

এ সময় অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান জামাল হোসেন। তখন বিপরীত দিক থেকে আসা অপর অটোরিকশাটি তাঁর কোমরের ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।