মো. এমরান, লামা:

বান্দরবানের লামায় ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার ঘটনায় মো. ইমতিয়াজ (২৪) নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ দণ্ডাদেশ দেওয়া হয়। এ ঘটনায় দায়ের করা মামলার নম্বর ৫৩/২০২৬।

দণ্ডপ্রাপ্ত ইমতিয়াজ লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকার সোহরাবের ছেলে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ইমতিয়াজের বিরুদ্ধে ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অভিযোগ ওঠে। পরে তাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়। অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা শেষে তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, “যে সন্তানকে একজন মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, সেই সন্তানই যখন মাকে মারধর করে—এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের কারণে তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক সেবনকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ ও সহিংসতার ঘটনায় এলাকায় উদ্বেগ রয়েছে। বিশেষ করে মা-বাবার ওপর সন্তানের নির্যাতনের ঘটনা পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রশাসন জানিয়েছে, মাদক সেবন, পারিবারিক সহিংসতা এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ দেশীয় অস্ত্র বহনের মতো অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।