নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর মডেল থানার অভিযানে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের চোরাই মালামাল উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ঝাউতলা গাড়ির মাঠ সংলগ্ন একটি ভাঙ্গারির দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে জাহাঙ্গীর আলম (৫৫) ও মো. শাকিল (১৯)কে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সময় গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০ কেজি লোহার জিআই পাইপ, ১১ কেজি পুরাতন গাড়ির জগ, ১১ কেজি তামার তার, ১১ কেজি গুনা তার, ৮ কেজি পিতলের সামগ্রী, একটি পানির টিউবওয়েল এবং ১০৫ ফুট ইলেকট্রিক ক্যাবল উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
