স্টাফ রিপোর্টার, পেকুয়া;

কক্সবাজারের পেকুয়ায় আল ইত্তেহাদ ওলামা সংস্থার দেড় যুগ পূর্তি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি নিয়মিত ইসলাহী জোট ও দ্বীনি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ইত্তেহাদ ওলামা সংস্থার সভাপতি হাফেজ মাওলানা ক্বারী ওবাইদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন আশরাফুল মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন বারবাকিয়া রহমানিয়া মাদ্রাসার মাওলানা হাফেজ এহছান।

এ সময় সংগঠনের উপদেষ্টা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের দেড় যুগের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের ছয়জন দায়িত্বশীলকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন—সৌদি প্রবাসী ও সংগঠনের উপদেষ্টা ইসমাইল খাঁন, সৌদি প্রবাসী ও উপদেষ্টা মাওলানা মোহাম্মদ হোসাইন, সৌদি প্রবাসী ও সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা ওয়াহিদুল ইসলাম, সৌদি প্রবাসী ও সদস্য মাওলানা সাদেকুর রহমান, মাওলানা আলী হোসাইন এবং হাফেজ মাওলানা আজিজুল হক।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা বেলাল উদ্দিন। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্যরা সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

সভায় জানানো হয়, আল ইত্তেহাদ ওলামা সংস্থার উদ্যোগে আগামী ১৭ নভেম্বর পেকুয়া শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ছাড়া সংগঠনের উদ্যোগে প্রতি মাসে একবার ইসলাহী জোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, দেড় যুগ ধরে আল ইত্তেহাদ ওলামা সংস্থা দ্বীনি ও ইসলাহী কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।