সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান):
‎বান্দরবানের আলীকদমে মাদক ও কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের অভিভাবকদের উপস্থিতিতে ভবিষ্যতে সদাচরণ ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন, এসআই উপেন বড়ুয়া, এসআই নিশাত বড়ুয়া, এসআই আবু সাইদ, এসআই জহিরুল ইসলাম,এসআই মিয়েল চাকমা, এএসআই রাজিব,এএসআই মফিজ, এএসআই মাহফুজসহ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় বিভিন্ন স্থানে আড্ডারত, অহেতুক ঘোরাঘুরি ও ক্যারাম খেলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত পাঁচ কিশোরকে সতর্কতামূলকভাবে আটক করা হয়।
‎
‎পরে আটক কিশোরদের অভিভাবকরা থানায় উপস্থিত হলে ওসি মো. শাহেদ পারভেজ তাদের সঙ্গে কথা বলেন। এ সময় কিশোরদের ভবিষ্যৎ নিরাপত্তা, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধে জড়িয়ে না পড়ার বিষয়ে অভিভাবক ও কিশোরদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।পুলিশের এমন উদ্যোগকে উপস্থিত অভিভাবকরা সাধুবাদ জানান।
‎
‎আলীকদম থানার অফিসার ইনচার্জ ওসি মো. শাহেদ পারভেজ বলেন,মাদক ও কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এসময় ৫ জন কে আটক করা হয়েছে। পরে আটক পাঁচ কিশোরের কাছ থেকে ভবিষ্যতে সদাচরণের মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
‎