নাসির উদ্দীন সোহেল:
কক্সবাজার সিটি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি ও নির্দেশনা অনুসরণ করে সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান পদে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষকদের নতুন দায়িত্ব প্রদান করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি শিক্ষক নিয়োগ রেগুলেশন-২০১৯ (সংশোধিত-২০২৩)-এর ১২ নম্বর ধারা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক নং INS02-3/00060/2016/4407/5659, তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫-এর আলোকে দীর্ঘদিন ধরে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে আসা শিক্ষকদের পরিবর্তে সংশ্লিষ্ট বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষকদের বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনিকা বড়ুয়া বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন। তিনি এ বিভাগের সহযোগী অধ্যাপক এহসানুল হক হেলালীর স্থলাভিষিক্ত হয়েছেন।
ব্যবস্থাপনা বিভাগে সহকারী অধ্যাপক মং ওয়ান নাই বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন। তিনি সহযোগী অধ্যাপক মং ম্রা ছিনের স্থলাভিষিক্ত হয়েছেন।
মার্কেটিং বিভাগে সহকারী অধ্যাপক আউমে বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন। তিনি সহকারী অধ্যাপক সাজ্জাদুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।
অন্যদিকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক জাকিরুল হক-কে বিভাগীয় প্রধানের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সহযোগী অধ্যাপক মইনুল হাসান চৌধুরী পলাশের স্থলাভিষিক্ত হয়েছেন।
এরমধ্যে মাইনুল হাসান চৌধুরী পলাশ যথাক্রমে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও
সাজ্জাদুল ইসলাম ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। ট্যূরিজম ও মার্কেটিং বিভাগ অনুমোদন হওয়ার সময় বিষয়গুলোতে জ্যেষ্ঠ শিক্ষক না থাকায় তাদেরকে প্রেষণে ব্যবস্থাপনা বিষয় থেকে ট্যূরিজম ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান করা হয়েছিল।
আরও জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের শিক্ষক নিয়োগ রেগুলেশন-২০১৯-এর ১২ নম্বর ধারায় জ্যেষ্ঠতার ভিত্তিতে অনার্স-মাস্টার্সভুক্ত বিভাগে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদানের বিধান রয়েছে। বিধান অনুযায়ী একজন শিক্ষক সর্বোচ্চ তিন বছর বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন। বিশেষ ক্ষেত্রে কলেজ প্রশাসনের সিদ্ধান্তে এ মেয়াদ আরও তিন বছর বৃদ্ধি করে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত করা যেতে পারে। কোনো বিভাগে সহকারী অধ্যাপক না থাকলে প্রভাষককে চলতি দায়িত্ব দেওয়া যেতে পারে; তবে এ ক্ষেত্রে দায়িত্ব পালনের মেয়াদ সর্বোচ্চ এক বছর।
কক্সবাজার সিটি কলেজের সবকয়টি বিভাগে দীর্ঘ সময় ধরে একই শিক্ষক বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগে প্রায় ১৬ বছর, সমাজবিজ্ঞান বিভাগে প্রায় ১২ বছর এবং ট্যুরিজম ও মার্কেটিং বিভাগে প্রায় ১০ বছর ধরে সংশ্লিষ্ট শিক্ষকরা বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া কলেজের অন্যান্য বিভাগ সমূহেও যারা দায়িত্বে আছেন তারা দীর্ঘ সময় ধরে, কেউ কেউ ১০ বছর আবার কেউ কেউ ১৭ বছর পর্যন্ত একটানা বিভাগীয় প্রধানের দায়িত্বে রয়েছেন।
এ বিষয়ে কলেজের গভর্নিং বডির ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলেশন ও ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের নির্দেশনার আলোকে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী বিভাগীয় প্রধানদের পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রথম ধাপে চারটি বিভাগের বিভাগীয় প্রধান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী, কলেজের অন্যান্য বিভাগেও দীর্ঘদিন দায়িত্ব পালনকারী বিভাগীয় প্রধানদের পর্যায়ক্রমে পরিবর্তনের বিষয়ে পরবর্তী সভাগুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো কোনো ক্ষেত্রে একসঙ্গে এবং প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে নতুন বিভাগীয় প্রধান নিয়োগের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
কলেজ প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি ও জ্যেষ্ঠতার নীতিমালা অনুসরণ করে বিভাগীয় প্রধানের দায়িত্বে পরিবর্তন আনার ফলে প্রশাসনিক কার্যক্রমে নিয়মতান্ত্রিকতা আরও সুসংহত হবে এবং বিভাগগুলোর একাডেমিক কার্যক্রমে নতুন গতিশীলতা তৈরি হবে।
