উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে মোহাম্মদ হামিদ হোসেন (৪০) নামে এক রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন। তিনি উখিয়ার কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের ব্লক সি-২৭-এর বাসিন্দা মৃত কালাম হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন পালংখালী বিওপি এলাকার সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ২ কিলোমিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সীমান্তসংলগ্ন এলাকায় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে ওই রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন।
আহত অবস্থায় তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির টহল দল ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক আহত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন। খবর পেয়ে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
