মো. আরাফাত সানি, টেকনাফ:

সেন্ট মার্টিন থেকে ৮১ মাইল দূরে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ* একটি ভাসমান কাঠের বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন নৌবাহিনীর মিডিয়া কর্মকর্তা।

নৌবাহিনী জানায়, মাছ ধরার বোট এফভি ক্রিস্টাল-১ ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে থাকা বোটটি দেখতে পেয়ে নৌবাহিনীকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বোটটিতে পানি ঢুকছে এবং ৭৬ জন যাত্রী চরম ঝুঁকিতে রয়েছে। নৌবাহিনী দ্রুত পানি নিষ্কাশন করে তাদের নিরাপদে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা দেয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন মানব পাচারকারী চক্রের সদস্য এবং ৬৫ জন মালয়েশিয়াগামী প্রতারণার শিকার ভুক্তভোগী। ভুক্তভোগীদের অধিকাংশকে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল।

বোটটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। নৌবাহিনীর এই সফল অভিযানে বড় ধরনের প্রাণহানি থেকে ৭৬ জনের জীবন রক্ষা পেয়েছে।

আটককৃত পাচারকারী ও জব্দকৃত বোটটি টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। সমুদ্রসীমার নিরাপত্তা ও মানব পাচার রোধে নৌবাহিনীর টহল অব্যাহত থাকবে।