নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল ২৭ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপের আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করা যাবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। নির্বাচনের নিশ্চায়ন করা যাবে ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল ৪ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর।

কারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন—

যারা আগে আবেদন করেননি;
আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি;
চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ে নিশ্চায়ন করতে পারেননি;
চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেননি;
ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পেয়েও কলেজে ভর্তি হতে পারেননি।

শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে আসনসংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে।

আবেদন করতে হবে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ গিয়ে পূর্ণাঙ্গ নির্দেশনা অনুসরণ করে।

তবে প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের শুধু ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা এডিট সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্বাচন এবং ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।