আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাজারে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্ট্রার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি ফার্মেসিকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও কক্সবাজার ঔষধ প্রশাসনের যৌথ উদ্যোগে বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। অভিযানে কক্সবাজার ঔষধ প্রশাসনের ঔষধ পরিদর্শক কাজী মোহাম্মদ ফরহাদ উপস্থিত ছিলেন।
অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে ওষুধের মেয়াদ, সংরক্ষণ ব্যবস্থা, বিক্রয়সংক্রান্ত কাগজপত্র এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্ট্রারসহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম শনাক্ত হওয়ায় পাঁচটি ফার্মেসিকে পৃথক অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স শর্মা মেডিকো ৫ হাজার টাকা, মা মেডিকো ১০ হাজার টাকা, ইমাম মেডিকো ৫ হাজার টাকা, আল মদিনা ফার্মেসি ৩ হাজার টাকা এবং নাহার মেডিকো ৩০ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রি, স্যাম্পল ওষুধ বিক্রি এবং অ্যান্টিবায়োটিকের বিক্রয়সংক্রান্ত নিয়ম না মানা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত বাজার পরিদর্শন ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।
অভিযান শেষে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের পক্ষ থেকে ওষুধ ব্যবসায়ীদের আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
নাইক্ষ্যংছড়িতে ৫ ফার্মেসিকে জরিমানা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
