পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক জুবাইদ মোহাম্মদ মঈনুল আবেদিন। পরিচালনা কমিটির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটারের মতামতের ভিত্তিতে তিনি সভাপতি নির্বাচিত হন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, মানসম্মত পাঠদান, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জুবাইদ মোহাম্মদ মঈনুল আবেদিন।
শিক্ষাজীবনে জুবাইদ মোহাম্মদ মঈনুল আবেদিন হিসাববিজ্ঞান বিষয়ে বিবিএ ও এমবিএ, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে এমবিএ এবং আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবনে তিনি দীর্ঘ ২৩ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত। পেকুয়ার স্থানীয় বিভিন্ন বিষয়, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ডসহ নানা বিষয়ে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন তিনি। বর্তমানে তিনি জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ ও দ্য এশিয়ান এইজ, আঞ্চলিক দৈনিক সু-প্রভাত, স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ, জাতীয় পর্যায়ের মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম এনপিবি নিউজ এবং কক্সবাজারের স্থানীয় সিসিএন-এ কর্মরত রয়েছেন।
নবনির্বাচিত সভাপতি জুবাইদ মোহাম্মদ মঈনুল আবেদিন বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, যথাযথ পাঠদান এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।’
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষাবান্ধব পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করা হবে।
জুবাইদ মোহাম্মদ মঈনুল আবেদিন বলেন, ‘পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পেকুয়ার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আরও কার্যকর, মানসম্মত ও শিক্ষাবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি কক্সবাজার জেলার একটি মডেল বিদ্যালয় হিসেবে উন্নীত করাই আমাদের অন্যতম লক্ষ্য।’
বিদ্যালয়ের পরিচালনা কমিটির নতুন নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সংশ্লিষ্টদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক জুবাইদ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
