এম. মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান ফয়সাল, অভিভাবক প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন এবং ইলিশিয়া জমিদারবাড়ির কৃতী সন্তান মোহাম্মদ ইমতিয়াজ আহমদ চৌধুরী। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা বক্তব্য দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ ও চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক প্রয়াত নাসিম বানুর স্মরণে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহীন দেলোয়ার বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলে উৎসাহিত করবে। কৃতী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ ও নৈতিক চরিত্র গঠন করতে হবে। বর্তমান প্রজন্মের যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।
ইউএনও আরও বলেন, অর্থের অভাব বা কোনো প্রতিকূলতা কখনো শিক্ষার পথে বাধা হতে পারে না। প্রবল ইচ্ছা ও চেষ্টা থাকলে লক্ষ্য অর্জন সম্ভব। তাই জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতাকে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
