সিবিএন ডেস্ক:

কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ বাধাগ্রস্ত করতে একটি সংস্থা আদালতের রায় অন্যায়ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনকালে তিনি এ অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার দেশের ঐতিহ্য ও বৈশ্বিক পরিচয়ের অন্যতম প্রধান ঠিকানা। এটিকে আন্তর্জাতিক মানের আধুনিক পর্যটনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, কক্সবাজারের পর্যটন ও সার্বিক উন্নয়ন থামিয়ে দিতে দীর্ঘদিন ধরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে একটি সংস্থা আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে।

পরে প্রতিমন্ত্রী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। প্রকল্পটির মাধ্যমে পচনশীল বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রমের অগ্রগতিও তিনি পর্যবেক্ষণ করেন।

এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল , চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমদ সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।