সংবাদ বিজ্ঞপ্তি:
টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৩টায় টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্সে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাইফুল ইসলাম সাইফীর সভাপতিত্বে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন তানযিমুল আফনান টেকনাফের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ, সাবরাং উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ বিএ এবং জামিয়া এমদাদিয়া লেঙ্গুরবিল বড় মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মোহাম্মদ ইয়াকুব।
অনুষ্ঠানে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং অতিথিরা তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একই সাথে অর্জনকারী শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে এবং সহপাঠী ও বন্ধুদের পক্ষ থেকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— টেকনাফের গোদার বিল এলাকার শামসুল আলমের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র হাফেজ মোহাম্মদ রিদুয়ান (আইডি-৪৬৬), মিঠাপানির ছড়া এলাকার আব্দুল মাজেদের ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র হাফেজ মোহাম্মদ হাবিব (আইডি-২৭০) এবং ইসলামাবাদ এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র হাফেজ নাফিসুর রহমান রুহান (আইডি-২৬০)।
প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “টেকনাফকে শিক্ষার আলোয় সাজাতে হবে।” কোমলমতি হাফেজদের কঠোর পরিশ্রম ও সাধনার মাধ্যমে কুরআন হিফজ সম্পন্ন করতে দেখে তিনি অত্যন্ত বিস্মিত ও অভিভূত হয়েছেন উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের এই নিরলস চেষ্টার মাধ্যমেই সাফল্য এসেছে। আগামীতে এসব শিক্ষার্থী আরও উচ্চতর পড়াশোনা করে টেকনাফের মান-সম্মান বজায় রাখবে এবং সুনাম উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থেকে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, টেকনাফে এই মানের একটি আধুনিক ও সুন্দর শিক্ষাপ্রতিষ্ঠান দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন। এখানকার আতিথেয়তা, সম্মান প্রদান ও অনুষ্ঠানের চমৎকার পরিবেশ তাঁকে অভিভূত করেছে উল্লেখ করে তিনি টেকনাফে শিক্ষার আলো বিস্তারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে সাধারণ শিক্ষার সাথে সমন্বিত ধর্মীয় শিক্ষা প্রদানকারী এসব মাদ্রাসার প্রতি তাঁর বিশেষ দৃষ্টি ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রধান আলোচকের বক্তব্যে তানযিমুল আফনান টেকনাফের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এটি তাঁর বাবার একটি স্বপ্নের প্রতিষ্ঠান। তিনি স্মৃতিচারণ করে বলেন, ভবন নির্মাণের সময় গভীর রাতে ছাদের ওপর জুব্বা ও পাগড়ি পরা মানুষদের সালাত আদায় করতে দেখেছিলেন নির্মাণ মিস্ত্রিরা। তখনই অনেকে মন্তব্য করেছিলেন, এই স্থানটি একদিন কুরআনের কারখানা ও দ্বীনের আলো ছড়ানোর কেন্দ্রে পরিণত হবে; যা আজ বাস্তবে রূপ নিয়েছে।
সর্বশেষে অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী মেধাবী শিক্ষার্থীদের বাবা, পরিবার ও আত্মীয়-স্বজনরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রতিষ্ঠানের এমন সুন্দর ও মার্জিত আয়োজনে গভীর সন্তোষ প্রকাশ করে তাঁরা নিজেদের উচ্ছ্বাস ও আনন্দ ব্যক্ত করেন। পরিশেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
টেকনাফকে শিক্ষার আলোয় সাজাতে হবে -হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে ওসি সাইফুল ইসলাম
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
