ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কক্সবাজারে আগামী তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আ. মানান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সদর হাসপাতালের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
জেলা প্রশাসক বলেন, প্রায় ১৫ দিন আগে থেকে ডেঙ্গু প্রতিরোধে হাট-বাজারসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী তিন মাস প্রতি শনিবার এ অভিযান চলবে।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-মাদ্রাসা, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল এ কর্মসূচির আওতায় থাকবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, গত দুই দিন ধরে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটন মেলা চলছে। মেলাকে ঘিরে সৈকতে জমে থাকা ময়লা-আবর্জনাও এ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় এনে পরিষ্কার করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন নয়, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।
