আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুমে পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ কামাল নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকুলের (পাহাড়পাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু পশ্চিমকুল এলাকায় অভিযান চালানো হয়। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হকের নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে উপপরিদর্শক (এসআই) আজগরসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানের সময় ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ কামালকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের পাচার ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তুমব্রু পশ্চিমকুল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা উদ্ধারের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাঈন উদ্দিন বলেন, অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটক মোহাম্মদ কামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের দাবি, সীমান্তবর্তী হওয়ায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুমসহ বিভিন্ন এলাকায় মাদক পাচারের ঝুঁকি রয়েছে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। তবে আটক ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী হিসেবে গণ্য করা যাবে না।