নভেম্বরের মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার করে প্রদানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভূতপূর্ব এই ঘোষণার পাশাপাশি তিনি অনুরোধ করেছেন, ব্যালট পেপারে যেন তাকেই প্রার্থী হিসেবে ‘ধরে নেন’ সমর্থকরা। খবর গালফ নিউজের।
স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) ডালাসে আয়োজিত রিপাবলিকান মিডটার্ম কনভেনশনে ট্রাম্প বলেন, ‘যদি রিপাবলিকানরা জেতে, তবে আপনারাও আমাদের সঙ্গে জিতবেন। আপনারা সবাই ৫ হাজার ডলার করে পাবেন। এটিকে বলা হবে ট্রাম্প ডিভিডেন্ড।’
আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের চেয়ে রিপাবলিকানরা জরিপে পিছিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যালটের রায় নিজের পক্ষে আনতে ‘আর্থিক প্রণোদনার’ ঘোষণা দিলেন ট্রাম্প। যদি সত্যিই তিনি এই উদ্যোগ বাস্তবায়ন করেন, তবে এর জন্য তার সরকারকে ১ ট্রিলিয়ন ডলারের বেশি খরচ করতে হবে। এই বিপুল অর্থ কোথা থেকে আসবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি প্রেসিডেন্ট। কেবল এতটুকু জানিয়েছেন, ‘আমাদের দেশ এখন বিপুল অর্থ উপার্জন করছে।’
আগামী ৩ নভেম্বরের নির্বাচনে জনমত জরিপকে ভুল প্রমাণ করে রিপাবলিকানরা যাতে কংগ্রেসের উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, সে বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, ব্যালটে আমাকেই প্রার্থী হিসেবে ধরে নিয়ে ভোট দেবেন। আমি ব্যালটে আছি, কেবল আর একটিবারের জন্য।’
তবে জনমত জরিপগুলোর বেশিরভাগেই দেখা যাচ্ছে, ট্রাম্পের জনপ্রিয়তার সূচক ৩০ শতাংশের কোঠায় নেমে এসেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।
‘ডিসিশন ডেস্ক এইচকিউ’-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ২৩০-২০৫ আসনে জয়ী হতে পারে এবং সিনেটেও ৫১-৪৯ আসনে তাদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
