মো. আরাফাত সানি, টেকনাফ:
মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের উখিয়া উপজেলার আনজুমানপাড়া সীমান্ত এলাকা থেকে ৬৪ বিজিবির পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উখিয়ার আনজুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মো. নুর ইসলাম (২৫) এবং বালুখালী এফডিএমএন ক্যাম্প-১৫-এর বাসিন্দা মৃত হাচানের ছেলে মো. হারেস (২০)।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে পালংখালী বিওপির টহল দল আনজুমানপাড়া পানির পয়েন্টসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার সীমান্ত অতিক্রম করে ব্যাগ হাতে দুজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের আটক করেন।
পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪টি কার্টনে রাখা মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, মিয়ানমার সীমান্ত থেকে এসব ইয়াবা সংগ্রহ করে তাঁরা বাংলাদেশে নিয়ে এসেছিলেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, মাদকের মূল সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
