সংবাদদাতা : টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। এ সময় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী-পুরুষদের একটি স্থানে জড়ো করে রাখার বিষয়টি নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়।