ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

কমিটির সভাপতি করা হয়েছে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন।

কমিটির সভাপতি ও সদস্যরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি, বিভিন্ন কর্মসূচি এবং সংশ্লিষ্ট বিষয়ে সংসদীয় তদারকিতে ভূমিকা রাখবেন।