কক্সবাজার শহরের দুটি বেসরকারি হাসপাতালে ভবন নির্মাণ ও রোগীসেবার বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনা পেয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।
বৃহস্পতিবার শহরের ফুয়াদ আল খতিব ও সী-সাইড হাসপাতাল পরিদর্শন করে কউকের একটি প্রতিনিধি দল।
কউক চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিনের নেতৃত্বে দলটি হাসপাতাল দুটির বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন করে। এ সময় ভবন নির্মাণ আইন ও অনুমোদিত নকশা অনুসরণ করা হয়েছে কি না, নিয়ম অনুযায়ী পার্কিংয়ের ব্যবস্থা আছে কি না, রোগীবান্ধব পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কি না—এসব বিষয় তদারকি করা হয়।
পরিদর্শন শেষে কউক চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী শহরের বেসরকারি হাসপাতালগুলো নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। হাসপাতাল দুটি পরিদর্শনে কিছু অনিয়ম ও অব্যবস্থাপনা পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আইনি নোটিশ দেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, হাসপাতালের অবকাঠামো ও সেবাব্যবস্থায় আইন ও বিধিমালা মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে কউকের প্রকৌশল সদস্য লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত, উপপরিচালক সানজিদা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
