সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:
বান্দরবানের আলীকদমে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা ও মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ-পূর্ব পালংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলীকদম থানা ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং দক্ষিণ-পূর্ব পালংপাড়া একতা যুব কল্যাণ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা।
সভায় প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিমন, আলীকদম থানার এসআই মিয়েল চাকমা, সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রহমান এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য জান্নাতুল ফেরদৌস।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দক্ষিণ-পূর্ব পালংপাড়া একতা যুব কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য, স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো এবং তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
পরে মাদকবিরোধী স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে একটি র্যালি বের করা হয়। আলীকদম থানার উদ্যোগে আয়োজিত র্যালিটি বিদ্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে এসে কর্মসূচির সমাপ্তি হয়।
