নিজস্ব প্রতিবেদক;

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জে.এম.ঘাট এলাকার তিন সন্তানের মা সেতেরা বেগম জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ প্রায় ছয় মাস চিকিৎসা নেওয়ার পর তার রোগ শনাক্ত হয়।

চিকিৎসক জানিয়েছেন, সেতেরা বেগমের প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য প্রায় ১ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। এমনকি চিকিৎসকের কাছে যাওয়ার গাড়িভাড়ার টাকাও অনেক সময় তাদের হাতে থাকে না।

সেতেরার স্বামী জাকের হোসেন পেশায় একজন দিনমজুর। দিনে যা আয় করেন, তা দিয়েই কোনো রকমে সংসার চলে। স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারের সহায়-সম্বল যা ছিল, তার অনেকটাই বিক্রি করে দিয়েছেন বলে জানান তিনি।

জাকের হোসেন বলেন, “আমার যা ছিল, সবই স্ত্রীর চিকিৎসার পেছনে শেষ করে দিয়েছি। এখন তাকে চিকিৎসা করানোর মতো আর কোনো সামর্থ্য আমার নেই।”

তাদের ঘরে রয়েছে ছোট ছোট তিন সন্তান। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, দুই বড় সন্তান প্রতিবন্ধী। অসুস্থ মায়ের কারণে ছোট সন্তানটিও প্রয়োজনীয় দুধ ও যত্ন পাচ্ছে না। সব মিলিয়ে পরিবারটিতে নেমে এসেছে চরম অনিশ্চয়তা।

সেতেরার স্বামী জাকের হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছোট ছোট সন্তান রয়েছে। স্ত্রীকে বাঁচাতে হলে দ্রুত চিকিৎসা করাতে হবে। কিন্তু এত টাকা কোথা থেকে জোগাড় করব, জানি না। আমার পরিবারকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি।”

এ অবস্থায় সেতেরা বেগমের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, দয়ালু ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:
নগদ: 01843636055
বিকাশ/নগদ: 01878657173 (সেতেরা বেগমের নিজস্ব নম্বর)

একটু সহযোগিতাই হয়তো এই অসহায় মায়ের চিকিৎসার পথ খুলে দিতে পারে।