সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম;
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনাজোনের উদ্যোগে সুপেয় পানির প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
আলীকদম সেনাজোনের সৌজন্যে বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করেন আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফরহাদুর রহমান।
দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, পোয়ামুহুরী একটি অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল। সেখানে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। বিশেষ করে শুষ্ক মৌসুমে নিরাপদ পানির জন্য স্থানীয়দের দূর-দূরান্তে যেতে হতো। সেনাবাহিনীর উদ্যোগে এই পানির প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্থানীয় বাসিন্দারা আলীকদম সেনাজোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম পাহাড়ি জনপদে মানুষের মৌলিক চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
