লামা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে লামা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে আজিজনগর ইউনিয়নের প্রধান সড়কগুলোতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে থানা পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। ‘মাদকমুক্ত সমাজ গড়ি’ এবং মাদকের কুফলসংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন, ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হিমেল রায়, আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. হামিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ বলেন, “মাদক সমাজের অন্যতম প্রধান শত্রু। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে পুলিশ ও সাধারণ জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মাদক কারবারি বা এর পৃষ্ঠপোষক যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, মাদকের রুট চিহ্নিত করে নিয়মিত বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরীহ কোনো ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।

স্থানীয় সাধারণ নাগরিক ও সচেতন সমাজকে মাদকের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, “এলাকাকে মাদকমুক্ত করতে যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। একই সঙ্গে এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।