নিজস্ব প্রতিবেদক:
সমাজ সংস্কারে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জনক ইমামুল হিন্দ “শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রাহ.) এর চিন্তাধারা ও অবদান” শীর্ষক সেমিনার আগামী ১৯ জুলাই রবিবার কক্সবাজার পাবলিক লাইব্রেরী হল রুমে বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত আলেমেদ্বীন, বহু ভাষাবিদ আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।
ইত্তেহাদুল মাদারিস ঈদগাঁও, রামু এবং কক্সবাজার সদরের উদ্যোগে সেমিনারকে সফল করতে ১৫ জুলাই সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করেছেন আয়োজন কমিটির সদস্যরা।
ইত্তেহাদুল মাদারিস কক্সবাজার জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিকদারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সেমিনার সফল করতে পরামর্শমূলক বক্তব্য দেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান শামসুল হক শারেক, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, বাংলাভিশনের কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকন, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর, দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি শাহেদ ইমরান মিজান। এছাড়া বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সেমিনার সফল করতে সর্ব শ্রেণীর সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন, ইত্তেহাদুল মাদারিস কক্সবাজার জেলা সেক্রেটারি মাওলানা মুহছেন শরীফ, লাইট হাউস মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা আতিকুল্লাহ, হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, হাফেজ আবুল মনজুর, হাফেজ রিয়াদ হায়দার, মাওলানা জে এইচ এম ইউনুস, হাফেজ রমজান আলী, মাওলানা এমদাদুল্লাহ।
গুরুত্বপূর্ণ এই সেমিনারকে সফল করতে শিক্ষিত, দ্বীনদার মুসলমানদের আহ্বান জানানো হয়েছে।
