সিবিএন ডেস্ক;

চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। র‍্যাবের দাবি, শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন-এর নির্দেশে এ হামলা চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন তাঁর সহযোগী রোহেন মিয়া।

গত শনিবার রাতে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোহেন মিয়াসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে নগরের চান্দগাঁওয়ে র‍্যাব-৭ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

গ্রেপ্তার অন্যরা হলেন—মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আবদুল মুমিন (৩০), মো. মাসুদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈকত হোসেন (১৮) এবং মো. সাইফুদ্দিন (৩২)।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, ডেভিড ইমন ডিডিএনের মালিকের কাছে ফোন করে এককালীন দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। পাশাপাশি প্রতি মাসে ১০ লাখ টাকা করে নিয়মিত চাঁদা দেওয়ারও নির্দেশ দেন।

তিনি বলেন, চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় ফোন করার দুই দিনের মাথায় সশস্ত্র হামলাকারীরা ডিডিএনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। হামলার সময় প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৫ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব জানায়, হামলায় রোহেন মিয়াসহ তিনজন নেতৃত্ব দেন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার দিন তারা রাউজান, চকবাজার ও বাকলিয়া এলাকা থেকে বহদ্দারহাটে জড়ো হয়। পরে অটোরিকশাযোগে বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় গিয়ে তিনটি দলে বিভক্ত হয়।

এর মধ্যে একটি দল অ্যাকসেস রোডে অবস্থান নিয়ে র‍্যাব, পুলিশ বা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নজরদারি করছিল। দ্বিতীয় দলটি ভবনের বাইরে অবস্থান নেয় এবং তৃতীয় দলটি ভবনে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান আরও জানান, গ্রেপ্তার নয়জনের মধ্যে চারজনকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই দুপুরে নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় চকবাজার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হঠাৎ ডিডিএনের কার্যালয়ে প্রবেশ করে কম্পিউটার, কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। ফুটেজে একজন হামলাকারীকে কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামে আঘাত করতেও দেখা যায়।