নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় একটি কাভার্ডভ্যান ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমাম হোসেন (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার শামসুল আলমের ছেলে। আহত দুই যাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ইমাম হোসেন মারা যান। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।