চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়জামার বেল্টের অংশ ও আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।
সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে পৌঁছান।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মিরসরাই উপজেলার বাসিন্দা মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা তাকে থামান।
পরে তল্লাশি চালিয়ে তার পায়জামার বেল্টের অংশ এবং আন্ডারওয়্যারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
