সিবিএন ডেস্ক;

‘পুলিশের সোর্স’ পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে অভিযুক্ত মো. বাবুল ওরফে বাবু (৩৬) কেয়ারটেকারকে কুপিয়ে আহত করে টাকা লুটের মামলায় গ্রেপ্তার হয়েছেন। তাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবুল ওরফে বাবু বাকলিয়া থানার সাবান ফ্যাক্টরি, হাটখোলা এলাকার সিলেট কোম্পানির বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আহমদ মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ মে কল্পলোক আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ই-ব্লকে শাহাদাত হোসেনের বাড়ির কেয়ারটেকার মো. জয়নাল-এর কাছে বাসা ভাড়ার বিষয়ে জানতে চান বাবু। জয়নাল জানান, বাড়ির মালিক ব্যাচেলরদের কাছে বাসা ভাড়া দেন না। এতে ক্ষুব্ধ হয়ে বাবু তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।

পরদিন ১৩ মে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে জয়নাল বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় বাবু আরও তিনজনকে সঙ্গে নিয়ে সেখানে যান। এজাহারে উল্লেখ করা হয়েছে, বাবুর হাতে একটি ধারালো দা এবং অন্য তিনজনের হাতে ছোরা ছিল।

অভিযোগ অনুযায়ী, বাবু হত্যার উদ্দেশ্যে দা দিয়ে জয়নালকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তার বাম হাতের কবজি ও কনুইয়ে গুরুতর জখম হয়। একই সময়ে অন্য তিনজন ছোরা দিয়ে তার গলার বাম পাশ, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে তারা তাকে কিল-ঘুষি মারেন।

একপর্যায়ে জয়নাল মাটিতে লুটিয়ে পড়লে তার পকেট থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা জয়নালকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত জয়নালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় ১৬ মে বাকলিয়া থানায় মামলা রুজু করা হয়। মামলায় দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাবুল ওরফে বাবুকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।