নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ঈদগাঁও থানার পুলিশ উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত মিছবাহ ওই এলাকার আবদুল হাকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছবাহ মূলত কক্সবাজার শহরে বসবাস করতেন। রোববার সন্ধ্যায় তিনি গ্রামের বাড়িতে আসেন। রাত প্রায় ৮টার দিকে তার ছোট ভাই ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন।

পোকখালী ইউনিয়নের সাবেক সদস্য কলিম উল্লাহ জানান, মিছবাহ বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার পাসপোর্ট, ভিসা ও মেডিকেল পরীক্ষাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল।

ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজিমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।