আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
মানবতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে আসা বড়বিল আল নজির ফাউন্ডেশন এবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগে কর্মহীন হয়ে পড়া ও খাদ্যসংকটে থাকা মানুষের হাতে এসব সহায়তা তুলে দেন আল নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. হারুন আজিজি আন-নদভী।
এ সময় তিনি বলেন, “মানুষ মানুষের জন্য। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আল নজির ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই এতিম, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, তাঁর মরহুম পিতা অলিয়ে কামেল নজির আহমেদ ও মায়ের নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের মূল লক্ষ্য মানবসেবা। তিনি সমাজের বিত্তবানদেরও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা আল নজির ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যার কারণে তাদের ঘরবাড়ি ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় পাওয়া খাদ্য সহায়তা তাদের পরিবারের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে।
ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, সমাজসেবক, স্বেচ্ছাসেবক এবং ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উল্লেখ্য, বড়বিল আল নজির ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এতিম, অসহায়, দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, চিকিৎসাসেবা, শিক্ষা উপকরণসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছে। চলমান বন্যা পরিস্থিতিতেও সংগঠনটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
